spot_img
spot_imgspot_img

নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা ‘বাজে’ কাজ: হাসনাত আবদুল্লাহ

নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বিএনপি সরকার আরেকটি ‘বাজে’ কাজ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ১০ম গ্রেডের নিয়োগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছ থেকে সরিয়ে নিয়ে নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্যান্য ১০ম গ্রেডের পদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে চলছে অনেক বছর ধরেই। মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়। পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। মন্ত্রণালয় নিয়োগ দেয়। ফলে নিয়োগটা ভালোভাবেই চলছে।

তিনি বলেন, কিন্তু বিএনপি সরকার কেন জানি সব নিয়োগ সরকারের নিয়ন্ত্রণে নিতে চাইছে। পিএসসির অধীনে যে নিয়োগ হয়, সেটা ত্বরান্বিত করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিব এবং জনপ্রশাসন সচিবকে নিয়ে কমিটি করেছে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, এই কমিটি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ করবে।

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, “কেন, পিএসসি কি পারছে না? পিএসসি কি কোথাও বলেছে, আমরা পারছি না?” তার ভাষ্য, খালি চোখেই বোঝা যাচ্ছে, সরকার নিয়োগকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এর উদ্দেশ্য পছন্দের ব্যক্তিদের নিয়োগ করা কিংবা দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কিন্তু তারা কি চব্বিশ ভুলে গেছে? সরকারি চাকরির নিয়োগে বৈষম্য করার কারণেই কিন্তু এ দেশের ছাত্ররা আন্দোলনের সূত্রপাত করেছিল, যা থেকে কালজয়ী অভ্যুত্থান হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতা আর সংখ্যাগরিষ্ঠতার জোরে তা ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে।

তিনি আরও বলেন, নিয়োগে হাত দিয়ে দুর্নীতি করে লাভবান হওয়ার যে চিন্তা করছেন, এটা কিন্তু কখনো ইতিবাচক ফল বয়ে আনবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ