spot_img
spot_img

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। একই ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

ঘটনার প্রতিবাদ ও ক্ষোভে সীমান্তবর্তী মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। বর্তমানে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।

বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে সীমান্তরক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বর্তমানে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিএসএফের গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ