বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারকে হটানোর জন্য আমাদের আন্দোলনের বিকল্প নেই। তাহলে আন্দোলন কী অবস্থায় আছে? সরকার তো ফ্যাসিবাদী কায়দায় আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করবে। কিন্তু আমাদেরও ঠিক একইভাবে সাহস, ধৈর্য, কমিটমেন্ট নিয়ে অবস্থান নিতে হবে।
বুধবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নায়ক নূর হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য’ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
‘বিএনপির অস্তিত্ব নিয়ে আমি চিন্তিত’— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে ড. খন্দকার মোশাররফ বলেন, আমি বলতে চাই, বিএনপির যদি অস্তিত্ব না থাকলে গত নির্বাচনে ৩০ তারিখের ভোট আগের রাতে ডাকাতি করলেন কার ভয়ে? আপনি এখন বলছেন, বিএনপির অস্তিত্ব সংকটে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি প্রশাসন ও পুলিশ ছাড়া আওয়ামী লীগকে নিয়ে মাঠে আসেন। তখন দেখা যাবে, অস্তিত্ব বিএনপির না কি আওয়ামী লীগের আছে।
বিএনপির এ নেতা বলেন, আজ আমরা একটা সংকটের মধ্যে আছি। সংকট হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের নেত্রীর মুক্তি একই সূত্রে গাঁথা। কিন্তু বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। নির্বাচনের কথা বলেন, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমরা দেখেছি এখানে নির্বাচনের কথা বলে লাভ নেই। কারণ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এ ধরনের নির্বাচনে যাবেও না। তাই নির্বাচন নিয়ে কথা বলে লাভ নেই।











