ক্যাম্পাসে লাগাতার ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা সংকট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর আলটিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীদের বিচার করতে হবে। অন্যথায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসের চলমান অস্থিরতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জবাবদিহি চাইতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সাদিক কায়েম ও অন্যান্য ছাত্রনেতা।
সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, গত এক সপ্তাহ ধরে ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে আসছিল নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা। কিন্তু এ ধরনের হুমকি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। লাগাতার নাশকতার ঘটনার পর নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে প্রশাসন এখন রাত ৮টায় বৈঠক ডাকার কথা বলছে, যা প্রশাসনের চরম নির্লজ্জ ও দায়িত্বজ্ঞানহীন আচরণের পরিচয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে নিষিদ্ধ লীগ পুনর্বাসনই বর্তমান প্রশাসনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পদে পুনর্বহাল করা হচ্ছে।
এর উদাহরণ হিসেবে তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টতার শত শত পৃষ্ঠার সুস্পষ্ট প্রমাণ দেওয়ার পরও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক আবু ইউসুফ আবদুল্লাহকে পরিচালক হিসেবে পুনর্বহাল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাদিক কায়েম আরও বলেন, প্রশাসনের এ ধরনের আপসকামী মনোভাব এবং নিষিদ্ধ শক্তির সঙ্গে লিয়াজোঁর কারণেই ক্যাম্পাসে একের পর এক ককটেল ও বোমাবাজির মতো ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে সন্ত্রাসীরা।
এমন পরিস্থিতিতে বর্তমান প্রশাসনের স্বপদে বহাল থাকার নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সাদিক কায়েম বলেন, অন্যথায় পদত্যাগের মাধ্যমে শিক্ষার্থীদের নিষ্কৃতি দিতে হবে।











