সারাদেশে মঙ্গলবার (১১ জানুয়ারি) ও বুধবার (১২ জানুয়ারি) দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া এরকম থাকতে পারে বলে জানিয়েছেন অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মাদ শাহিনুল ইসলাম।
মঙ্গলবার ( ১১ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ এবং কাল হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুইদিন রোদ কম থাকবে। কিছুটা রোদ, কিছুটা মেঘলা আবার কিছুটা বৃষ্টি এরকমভাবে চলতে পারে। এরপর একদিনের জন্য আবহাওয়া ভালো থাকতে পারে। তারপর আবারও মেঘের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এবং ১৭ জানুয়ারির পর শীত বাড়তে পারে।
তিনি আরও বলেন, বৃষ্টি শেষ হওয়ার পরে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমলে রাজশাহী, শ্রীমঙ্গল, নওগাঁ, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।










