spot_img

ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করা মেনে নেওয়া হবে না; ব্লিংকেনকে মাহমুদ আব্বাস

ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করার যে কোন ধরনের প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বুধবার (১০ জানুয়ারি) দখলকৃত পশ্চিম তীরে ব্লিংকেনের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে মাহমুদ আব্বাস বলেন, ” গাজ্জা উপত্যকা অথবা দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের অন্য কোথাও বাস্তচ্যুত করার বিষয়টি মেনে নেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “গাজ্জা উপত্যকা ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ।”

এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, “গাজ্জায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো ও সেখানে মানবিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেছেন ব্লিংকেন ও আব্বাস।”

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে টানা চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চলতি সফরে সৌদি আরব, জর্দান, তুর্কি ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ব্লিংকেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ