ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, যোগী বাংলার ইতিহাস জানে না, মূর্খের মত কথা বলছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
উত্তর প্রদেশে প্রথম দফার বিধানসভার নির্বাচনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী ভোটারদের এক ভিডিও বার্তায় বলেন, আপনারা সাবধান হোন। আপনাদের ভুলের জন্য বিজেপি যদি ক্ষমতায় না আসে, তাহলে উত্তর প্রদেশের অবস্থা কাশ্মীর, বাংলা ও কেরলার মতো হতে সময় লাগবে না। তার এ ধরণের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, যোগী এখন পাগলপ্রায় হয়ে তাদের একটাই অস্ত্র সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে চাচ্ছে। সেজন্য উত্তর প্রদেশকে বাংলার সঙ্গে কেরালার সঙ্গে, কাশ্মীরের সঙ্গে তুলনা চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমি তার এ ধরণের সংকীর্ণ মন্তব্যের ঘোর নিন্দা করছি।
তিনি আরও বলেন, যোগী মূর্খের মতো কথা বলছেন। তিনি বাংলার মানুষকে অপমান করছেন। বাংলার মানুষকে অপমানের প্রতিবাদে এখনও বাংলায় যেটুকু বিজেপি ছড়িয়ে ছিটিয়ে আছে, আগামীদিনে সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজেপিকেও বাংলার মাটি থেকে উৎখাত করে বাংলা তার নিজের ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচবে আমি হলফ করে একথা বলতে পারি।












