নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার সিরিয়াল কিলারের মতো ধারাবাহিকভাবে সবকিছুর দাম বাড়িয়ে চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। আগামীতে আরও দাম বাড়তে পারে বলে ঘোষণা দিয়েছে। ফলে জনগণের ওপর যে দুর্ভোগ নেমেছে, তা আরও বাড়বে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী পদযাত্রার সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। তারা (আওয়ামী লীগ) রাজনৈতিকভাবে আর জীবিত নেই। এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, তাদের দুর্নীতি ও ব্যর্থতার কারণে আজকে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়ে চলছে। গত ১৪ বছরে কোনো জিনিসের দাম সরকার কমাতে পারেনি। একমাস আগে থেকে তারা বলছে—রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে দেওয়া হবে না। কিন্তু বাস্তবে দাম বেড়েই চলেছে।










