বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে মায়েরা বলতো— ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। মানে বর্গীর কথা শুনলে সন্তানরা ভয় পেত। বর্তমান সরকার (আওয়ামী লীগ) বর্গীর সরকার। এই সরকারের গায়ের চামড়া গন্ডারের চেয়ে মোটা। সারাদেশের মানুষ বলছে সব কিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। কিন্তু সরকারের কিছু যায় আসে না। তারা বলছে সবকিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।
আজ শুক্রবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে। আজ সাধারণ মানুষের করুণ অবস্থা, এই সরকারের গায়ে লাগে না। সব কিছুর দাম বাড়ল কেন? কারণ, আপনারা সব চুরি করছেন। চুরি বললে ভুল হবে, ডাকাতি করছেন। সাধারণ ডাকাতি নয়, বর্গিদের ডাকাতি।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। এটা আরেকটা মিথ্যা কথা না? কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে। চালের দাম তো বাড়তেই আছে, তেলের দাম তো বাড়তেই আছে, পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ, আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সাথে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।









