সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের বিদায় যত দ্রুত হবে দেশের মঙ্গল ততই দ্রুত হবে। পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকার যতই তালবাহানা করুক না কেন, সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না।
আজ শনিবার (১১ মার্চ) বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপি ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, জনগণের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এ সরকার ইতোমধ্যে নিজেদের স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এরা লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে।
বিএনপির এই নেতা বলেন, এই সরকার জনগণের আন্দোলন যতই নসাৎ করার চেষ্টা করুক, সফল হবে না। কারণ, এ লড়াই বাঁচা মরার লড়াই। এরা (সরকার) পুরো দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন। জনগণের আন্দোলনের মুখে কেউ টিকতে পারেনি, এই অবৈধ সরকারও টিকতে পারবে না, পতন হবেই ইনশাআল্লাহ।










