ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের আক্রমণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একজন ব্রিগেড কমান্ডার ও মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন।
এই নিয়ে ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী গাজ্জায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ দখলদার সেনা নিহত হল। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের।
শনিবার রাতে ইসরাইলী বাহিনী এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজ্জায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন।
৪৩ বছর বয়সি এই দখলদার সেনা কর্মকর্তা ইসরাইলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই।
তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
সূত্র: টাইমস অব ইসরাইল











