সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
তিনি বলেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যে দলের লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দলের কোনো লোকও যদি অন্যায় করে, তাকে শাস্তি পেতে হবে, সে যেই হোক। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকারি সুযোগ-সুবিধা ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বা দলীয় পক্ষপাতিত্ব করা হবে না। যারা আমাদের ভোট দিয়েছেন, তারাও কার্ড পাবেন; যারা দেননি, তারাও পাবেন। এই কার্ড হবে প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষাকবচ, যার মাধ্যমে সরকারি সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং দুস্থদের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ প্রদানের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।











