বাবা গুম হয়েছেন অনেক আগে। তখন অনেকেই ছোট। কেউবা আবার দেখেনি বাবার মুখ। বাবার সঙ্গে যাওয়া হয়নি কোথায়। রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিগত সময়ে ঘুম হওয়া ও কারাবন্দি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেকাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে অন্যরকম এক পিকনিক উদযাপন করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (১১ জুন) দলটির গুম হওয়া ও কারাবন্দি প্রায় ২০টি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার অদূরে কেরানীগঞ্জ আনোয়ার ম্যাজিক কিংডম রিসোর্টে সারাদিন সময় কাটান তিনি।
বিভিন্ন রাইড, সুইমিংপুলে সাঁতার কাটা, দুপরে খাওয়া দাওয়া, বিকালে খেলাধুলার মধ্য দিয়ে ওই সব পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি অতিবাহিত করেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে বিএনপি মনোনীত এই প্রার্থী।
জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, এই অবৈধ সরকারের সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেকে নেতাকর্মী গুম খুন হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করছেন। এদের অনেকের সন্তান তার বাবাকে, ভাইকে পাশে পাচ্ছে না। তাদের এই কষ্ট কিছুটা লাগব করতেই মূলত এই ছোট আয়োজন করেছি। খুব ভালো একটা সময় কাটিয়েছি। আজকের দিনটা আমরা জন্য স্মরণীয় হয়ে থাকবে।











