ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে স্থায়ী ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে সাংহাই সহযোগিতা সংস্থা ও আফগানিস্তানের মধ্যকার যোগাযোগ গ্রুপের কার্যক্রম আবারও শুরু করার পক্ষে অবস্থান জানিয়েছে দেশটি।
রাশিয়ার রাজধানী মস্কোয় এক ব্রিফিংয়ে এ কথা বলেন সাংহাই সহযোগিতা সংস্থা বিষয়ক রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি বাখতিয়ার হাকিমভ। বুধবার (১০ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা তাস হাকিমভের বরাতে জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে স্থায়ী ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার পক্ষে রয়েছে রাশিয়া। রাশিয়ার মতে, দুই পক্ষের মধ্যকার যোগাযোগ গ্রুপ পুনরায় সক্রিয় করা এখন জরুরি পদক্ষেপ।
হাকিমভ বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার অধিকাংশ সদস্য দেশও এ অবস্থানকে সমর্থন করে। এর মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে রাশিয়া প্রথম দেশ হিসেবে ইমারাতে ইসলামিয়ার সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পৃক্ততা আরও বাড়াতে চেষ্টা করছে মস্কো।
সূত্র: হুরিয়াত রেডিও











