কুমিল্লার বুড়িচং উপজেলার নবীয়াবাদ সীমান্তে বাংলাদেশি যুবককে ৩টি গুলি করে আহত করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিবিদ্ধ যুবক মো. আল আমিনের (২৮) বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি আনন্দপুর এলাকায়।
বুধবার (১০ জুলাই) রাতে নবীয়াবাদ সীমান্ত পিলার-২০৬১/১ এস–এর কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, আল আমিনকে তিনটি গুলি করে ভারতীয় বাহিনী বিএসএফ। এতে তিনি গলা ও বুকে গুলিবিদ্ধ হন।
বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, নবীয়াবাদ এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে গুলি করার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
বুড়িচং থানার ওসি আবুল হাসানাত বলেন, গণমাধ্যমকর্মীদের থেকে তিনি বিষয়টি জেনেছেন। স্থানীয়ভাবেও খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
তবে এ বিষয়ে ৬০ বিজিবি গণমাধ্যমকে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।











