spot_img

ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে আলোচনা পুনরায় শুরু করার একটি অনুরোধে আমেরিকা গ্রহণ করেছে।

তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ কথা বলেন। এর আগে তিনি ঘোষণা করেছিলেন যে, ওয়াশিংটন-তেহরান সমঝোতা স্মারকও শেষ হয়ে গেছে।

তার দাবি, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র আমাদের কাছে ‘আলোচনা’ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি, তবে আমেরিকা তাদের স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে, যুদ্ধবিরতি শেষ!

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলোচনা অব্যাহত রাখার বিষয়ে কোনো অনুরোধ করা হয়েছে—এমন দাবি অস্বীকার করেছেন এবং বলেছেন, আমেরিকার যদি তাদের অঙ্গীকার ভঙ্গ করে, তবে তার জবাবে ‘পারস্পরিক পদক্ষেপ’ নেয়া হবে।

মুখপাত্র আরও বলেন, ইরান কাতারের মধ্যস্থতাকারীদের একটি সফরে সম্মতি দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার একটি কাতারি প্রতিনিধিদল ইরানে পৌঁছেছে, যাতে হরমুজ প্রণালিতে সংঘর্ষের পর দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দোহার ভূমিকা আরও সুদৃঢ় করা যায়।

তাসনিম আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে দোহার অবস্থান নিয়েও ইরানি কর্মকর্তারা আলোচনা করবেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে তার কার্যালয় জানিয়েছে। ওই আলোচনায় আমেরিকা-ইরান পরিস্থিতি এবং আলোচনায় পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা হয়।

ওই ফোনালাপ-সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, উভয় নেতা আলোচনা অব্যাহত রাখা, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা এবং কূটনৈতিক উপায়ে বিরোধগুলোর সমাধানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ