প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মুক্তির জন্য বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেছিলেন। তিনি কেবল বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন আর্ন্তজাতিক নেতা। বঙ্গবন্ধু বাংলার মাটি কপালে ছুঁয়ে মৃত্যুর পর এদেশে শায়িত হতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শুধু ব্যবসায়ী বান্ধব নয়, তিনি শ্রমিক বান্ধব। আবার ব্যবসায়ীরা যুক্তিসঙ্গত যা চান, প্রধানমন্ত্রী তাই করেন।
বুধবার (১১ আগস্ট) মতিঝিলের ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, তার মূল ভিত্তি গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। কৃষি, ব্যাংক-বিমা, বিদ্যুৎ- যোগাযোগ, সব বিষয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা করে গেছেন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। ষড়যন্ত্রকারীদের নির্মম হত্যাযজ্ঞে, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের অকাল প্রয়াণে সদ্য জন্মানো রাষ্ট্রের পুনর্গঠন প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। কিন্তু ২১ বছর পর ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে, উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।











