নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাবার তৈরি করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাবার তৈরি করতে পারলে বিদেশেও রপ্তানির ক্ষেত্রে বিশ্বাস যোগ্যতা অর্জন করা সম্ভব। এতে দেশের সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিকভাবেও দেশ লাভবান হবে।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো উদ্ভোধনকালে এসব কথা বলেন।
সাধন মজুমদার বলেন, কৃষকের হাত থেকে ভোক্তার টেবিলে আসা পর্যন্ত যেকোনো সময় খাদ্য অনিরাপদ হতে পারে। এ জন্য আমাদের সচেতন হতে হবে। যারা বিদেশে ফুড প্রসেস করে রপ্তানি করে তাদেরকেও সচেতন হতে হবে।
মন্ত্রী বলেন, আইন প্রয়োগ বা জরিমানা করলেই সবকিছুর সমাধান পাওয়া যাবে না, সবচেয়ে বেশি প্রয়োজন গণসচেতনতা। ল্যাবরেটরিতে পরীক্ষার আগে মনের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে।
তিনি বলেন, খাদ্যমান পরীক্ষার জন্য সরকার এরই মধ্যে দেশের আট বিভাগে ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আটটি মোবাইল ভ্যান ল্যাব ও জাইকার সঙ্গে আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব স্থাপনের জন্য চুক্তি সই হয়েছে।











