ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ছয়টি বিল পাস এবং ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। নয়টি বৈঠক শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিবেশনটি শেষ হয়।
অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় মতপার্থক্য একটি স্বাভাবিক বিষয়। তবে ভিন্নমত প্রকাশের সময় সংসদ সদস্যদের পারস্পরিক সম্মান বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের চর্চা গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সব পক্ষকে গালিগালাজের সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ অধিবেশনগুলোতে সব সদস্য সংসদীয় বিধি, রীতি ও চর্চা যথাযথভাবে অনুসরণ করবেন। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন করা হয় এবং সবগুলোই পাস হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
তিনি জানান, সংসদ সদস্যরা কার্যপ্রণালি বিধির বিভিন্ন বিধানের আওতায় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেন এবং বিধি অনুযায়ী সেসব নোটিশ নিষ্পত্তি করা হয়। ৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে দুটি গ্রহণ করে আলোচনা করা হয়। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গ্রহণ করা হয় এবং এর মধ্যে ১৪টির ওপর আলোচনা হয়েছে। এছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়।
স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্ন জমা দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্ন জমা দেওয়া হয়। এর মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।
সংসদীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানান স্পিকার। একই সঙ্গে সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতাকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সূত্র: বাসস












