spot_img
spot_imgspot_img

নির্বাচনের কারণে ইরানে বড় হামলা চালানো হচ্ছে না: ট্রাম্প

আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কারণে ইরানের বিরুদ্ধে আরও বড় পরিসরে সামরিক হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে, এমনকি তার আগেও সংঘাতের অবসান হতে পারে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আরও বড় পরিসরে সামরিক হামলা চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসন্ন নির্বাচনের কারণেই সম্ভবত তিনি তা করছেন না। তিনি বলেন, যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হতে পারে, এমনকি তার আগেও এর অবসান হতে পারে।

ইরান এখনো কীভাবে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করা হয়েছে। তবে দেশটির হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে তিনি বলেন, আবারও একই পরিস্থিতি তৈরি হলে তিনি একই পদক্ষেপ নেবেন।

ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁর দাবি, ইরান আশা করছে আমেরিকায় এমন একটি সরকার আসবে, যারা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে না এবং তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ দেবে।

তবে ইরানের পারমাণবিক সক্ষমতা এবং দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি কী হতে পারত, সে বিষয়ে ট্রাম্পের বিস্তারিত বক্তব্য আসে এর এক দিন আগে, বুধবার (৯ সেপ্টেম্বর) ডালাসে রিপাবলিকান পার্টির মিডটার্ম কনভেনশনে দেওয়া ভাষণে।

ওই বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে আমেরিকাকে তাদের সঙ্গে ভিন্নভাবে কথা বলতে হতো। তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছিল এবং আমেরিকার হামলা না হলে দেশটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেতে পারত।

এর আগে বুধবার আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, তেহরান নভেম্বরের নির্বাচন পর্যন্ত টিকে থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

তবে যুদ্ধের অবসান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা দেওয়া হয়নি। ট্রাম্প অবশ্য বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু এ মুহূর্তে তা নিয়ে কোনো আলোচনা চলছে না।

সূত্র: ফক্স নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ