ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সময়সীমা ও কৌশল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক দলের সিনেটর এড মার্কি। তিনি বলেছেন, ইরান যুদ্ধ কবে শেষ হবে, এ বিষয়ে ট্রাম্প মিথ্যা বলছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কি এসব কথা বলেন।
মার্কি বলেন, ট্রাম্প দাবি করছেন, তাঁর শুরু করা অবৈধ এবং জয়লাভ করা অসম্ভব এই ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হয়ে যাবে। কিন্তু তিনি মিথ্যা বলছেন।
তিনি আরও বলেন, ট্রাম্পের নিজের উপদেষ্টারাও যুদ্ধের প্রকৃত পরিস্থিতি জানেন। কংগ্রেস যদি এই যুদ্ধের অর্থায়ন বন্ধ না করে, তাহলে ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে।
মার্কি বলেন, এই বিপর্যয়ের অবসানের জন্য আরও দুই বছর অপেক্ষা করা সম্ভব নয়।
এদিকে ট্রাম্প সম্প্রতি বলেছেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে। এর আগে তিনি বলেছিলেন, নির্বাচনের কারণে সম্ভবত ইরানের বিরুদ্ধে আরও বড় মাত্রায় হামলা চালানো হচ্ছে না।
সূত্র: আল জাজিরা












