গাজ্জায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন শীর্ষ কমান্ডার মুহাম্মাদ আবদুস সালাম আল-ইয়াজুরি শহীদ হয়েছেন। হামাসের সামরিক শাখা তার শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার গাজ্জায় চালানো বিমান হামলায় আল-ইয়াজুরিকে লক্ষ্যবস্তু করে ইসরাইলি বাহিনী। পরে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করে, ওই হামলায় তাকে হত্যা করা হয়েছে।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে পরিচালিত অভিযানের পরিকল্পনায় আল-ইয়াজুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, আল-ইয়াজুরিকে লক্ষ্য করে চালানো একই হামলায় হামাসের আরও দুই কমান্ডার নিহত হয়েছেন। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গাজ্জায় ২০২৫ সালের যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আমেরিকা সমর্থিত কূটনৈতিক প্রচেষ্টা চললেও ফিলিস্তিনি ভূখণ্ডটিতে আবারও ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজ্জায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও নির্বিচার হামলায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন এবং উপত্যকাটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র : রয়টার্স












