কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির ১০ দফা নতুন কিছু নয়। পুরনো ভাঙা রেকর্ড তারা বাজিয়েই চলেছে । তাদের চাওয়ায় দেশ চলবে না। এই সরকার মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবে।
আজ রোববার (১১ ডিসেম্বর) টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, নিরপেক্ষ সরকার চায়, সরকারের পতন চায়সহ নানা দফা-দাবি জানিয়ে আসছে। বিএনপি কী চাইল আর কী চাইল না সে অনুযায়ী নির্বাচন হবে না, দেশ চলবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদের কিছু হবে না। সংসদে বিরোধী দল জাতীয় পার্টি রয়েছে। সংসদ যথানিয়মে চলবে।











