spot_img
spot_img

ইউক্রেন থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

কিয়েভ অথবা অন্য পক্ষের উসকানির আশঙ্কায় ইউক্রেনে নিযুক্ত কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। প্রতিবেশি ইউক্রেনে রাশিয়া যেকোনও মুহূর্তে আগ্রাসন চালাতে পারে বলে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগের মাঝে ক্রেমলিন এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এসব কথা বলেন।

মারিয় জাখারোভা বলেন, কিয়েভের শাসক অথবা অন্যান্য দেশগুলোর সম্ভাব্য উসকানির আশঙ্কায় আমরা ইউক্রেনে নিযুক্ত রুশ মিশনের কর্মীদের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।

মিশন থেকে কর্মীর সংখ্যা হ্রাসের অর্থ কী সে বিষয়ে কিছু বলেননি মারিয়া জাখারোভা। তবে তিনি বলেছেন, ইউক্রেনে নিযুক্ত দূতাবাস এবং সব কনস্যুলেট তাদের প্রধান কাজ চালিয়ে যাবে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সৈন্য সমাবেশ এবং সামরিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ বলেছে, ইউক্রেনে যেকোনো সময় আক্রমণ চালাতে পারে রাশিয়া। যদিও রাশিয়া এই ধরনের পরিকল্পনার তথ্য অস্বীকার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ