spot_img
spot_img

দেশের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই স্বাস্থ্যখাতে প্রকৃত উন্নয়ন হয়েছে। আগে দেশের মানুষের গড় আয়ু ছিল ৬০ বছর, আর এখন ৭৩ বছর।

বুধবার (১২ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, দেশে টিকাদানে ৯৮ ভাগ সফলতা এসেছে, অথচ আগে ছিল মাত্র ২০ ভাগ। আগে দেশে শিশু মৃত্যুহার ছিল ১৫০ জনের বেশি, আর এখন সেটি মাত্র ২৩ জন। আগে দেশে মাত্র ১০ ভাগ মানুষ পরিবার পরিকল্পনা গ্রহণ করতো, এখন সেটি ৭৩ ভাগ হয়েছে। আগে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩%, আর এখন মাত্র দশমিক ৯৮ ভাগ মাত্র। আগে দেশের খর্বকায় মানুষ জন্ম নিত ৬০ ভাগ। কিন্তু এখন সঠিক ব্যবস্থা নেয়ায় মাত্র ২৫ ভাগ এর নিচে খর্বকায় মানুষ জন্ম নেয়। দেশে আগে তেমন কোন স্বাস্থ্য ইনস্টিটিউট ছিল না, এখন ২২টি ইনস্টিটিউট করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মায়েদের মাতৃত্বকালীন সেবার মান বাড়াতে আমরা বিশেষ নজর দিয়েছি। দেশের প্রায় ৪ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ৫০০টি স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি মায়েদের জন্য ৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা সেবাদান কার্যক্রম শুরু করা হয়েছে। খুব অল্প সময়ে আমরা দেশের সব হাসপাতালে ২৪ ঘন্টা সেবাদান কর্মসূচি ব্যবস্থা চালু করবো।

স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হাসপাতালে স্বাস্থ্যকর্মী, নার্স, রোগী ও চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে। কাজ শেষ পর্যায়ে আছে। আগামী সংসদে এটি পাশ হলেই আইনটি কার্যকর হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ