spot_img
spot_img

সীমান্ত হত্যা নিয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে: পাটোয়ারী

সীমান্ত হত্যা নিয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, ‘সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি শক্তভাবে তুলে ধরতে হবে।’

সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ আহ্বান জানান।

পাটোয়ারী লেখেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।’

তিনি লেখেন, সীমান্তকে শুধু ‘মানচিত্রের রেখা নয়, বরং মানুষের জীবন, মানবাধিকার ও পারিবারিক বন্ধনের সঙ্গে জড়িত বিষয়।’

বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে মানবিক বিবেকের প্রশ্ন হিসেবে তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমরা বিশ্বাস করি, সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি ও বিভেদের দেয়াল দিয়ে নয়; পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।’

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক সংযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপি নেতা লেখেন, ‘এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে।’

তিনি লেখেন, ‘আজ দক্ষিণ এশিয়ার প্রয়োজন সংঘাত নয়, সংহতি; দেয়াল নয়, সহযোগিতা; ভয় নয়, আস্থা। মানবাধিকার, জনগণের মর্যাদা, ন্যায়ভিত্তিক কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ