আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে, রাজপথ কখনো ছাড়বে না। এই দলের শেকড় মাটির অনেক গভীরে। জনগণের রক্তের সঙ্গে আওয়ামী লীগ মিশে আছে।
রোববার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মাঠে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতা এবং বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।
বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, আগুন নিয়ে খেলবেন না, তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারার রাজনীতি করুন, দেশের মানুষের কল্যাণে কাজ করুন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে কী বলে ভোট চাইবেন? এমন তো কিছু আপনাদের নেই যা দেখে জনগণ ভোট দেবে।










