আফগানিস্তানের গজনি নগরী দখলে নিয়েছে তালেবান। এটা হলো এক সপ্তাহের মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া দশম প্রাদেশিক রাজধানী। এছাড়া কান্দাহারের কারাগারেও ঢুকে পড়েছে তালেবান।
তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গজনি প্রদেশের রাজধানী গজনি দখল করে নিয়েছে। তারা রাজধানীর ভেতরে তাদের অবস্থানের ভিডিওচিত্রও প্রকাশ করেছে। তবে সরকারি বাহিনী বলছে, সেখানে এখনো তীব্র লড়াই চলছে। এলাকাটি আফগান রাজধঅনী কাবুল থেকে মাত্র ৮০ মাইল দূরে।
স্থানীয় সূত্রগুলো বলছে, গজনিতে লড়াই অব্যাহত রয়েছে। সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে গোয়েন্দা বিভাগের কার্যালয়ের আশপাশে।
এদিকে তালেবান কান্দাহারের কেন্দ্রীয় কারাগার দখল করে সেখানে আটক থাকা কয়েক শ’ বন্দীকে মুক্ত করে দিয়েছে।
লস্কর গাহ আঞ্চলিক পুলিশ সদরদফতরও তালেবান নিয়ন্ত্রণে নিয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আত্মসমর্পণ করছেন। অন্যরা সরকারি বাহিনীর দখলে থাকা কাছের গভর্নরের অফিসে পালিয়েছে গেছে।












