spot_img

সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে পরাজিত শক্তি: মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চক্রান্ত করছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাক্ষাত করতে এলে তিনি তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায়। এরাই সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে অতীতে। অনেককে গ্রেফতার করার পর জানা যায় তারা আওয়ামী লীগের কর্মী, অনেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও উপাসনালয়সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপাসনালয়ে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করতে হবে। দেশপ্রেমিক জনগণকে যেকোনও মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা রুখে দিতে হবে। দেশের সকল নাগরিককে স্ব-স্ব জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিশ্বে এবার নজির স্থাপন করেছে ইসলামপন্থি সংগঠন ও কওমী মাদরাসার ছাত্রসহ অন্যান্য ছাত্ররা। বিশেষ করে গণহত্যাকারী সরকারের দেশ থেকে পলায়নের পর দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা পুরো দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা, উপজেলা, সংখ্যালঘুদের উপাসনালয়, বাড়ী-ঘর, পাহারা দেয়। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন, রাস্তা-ঘাট পরিস্কারকরণ, চোর-ডাকাত রোধে রাত্রী জেগে পাহারা প্রদানসহ দেশের সর্বক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে দেশ-বিদেশে প্রসংশিত হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সচিত্র সংবাদ পরিবেশন করেছে।

ইসলামী আন্দোলনের এ সিনিয়র নেতা বলেন, ইসলামী আন্দোলনের কর্মী ও ইসলামপন্থিদের প্রশংসা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর মিডিয়ায় বক্তব্য দিয়েছে। এরপরও এদেশের কিছু দালাল দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সংখ্যালঘুদের দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে।

ইসলামী আন্দোলনের এ সিনিয়র নেতা আরও বলেন, দেশের আইন, বিচার, সংসদ, প্রশাসন, অর্থ, শিক্ষা, শিল্প ও দেশপরিচালনার প্রতিটি ক্ষেত্রেই আমরা সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ চাই।

এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও এইচ এম রফিকুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ