spot_img

দেশবিরোধী শক্তি দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়: বাহাউদ্দিন নাছিম

দেশবিরোধী শক্তি বাংলাদেশকে পাকিস্তান ও তালেবান রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, দেশবিরোধী শক্তি এখনও বসে নেই। তারা এখনও দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তারা এখনও দেশকে চায় পাকিস্তান ও তালেবান রাষ্ট্র হিসেবে তৈরি করতে। তারাই পূজামণ্ডপে হামলা করে সারাদেশে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে সিনিয়র কৃষিবিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ১৯৭৯ সালে জিয়াউর রহমান ওই ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানে সংযোজন করেন। যার কারণে ৯৬ সালের আগে পর্যন্ত মামলা তো দূরের কথা একটা জিডিও করা যায়নি। তারা চেয়েছিল এই আইনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদেরকে মুক্তি দিয়ে দিতে এবং পরবর্তীতে যাতে এর কোনো বিচার না হয়।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক খুনিদের রক্ষা করতে ইনডেমনিটি অধ্যাদেশ করেছিলেন। ১৯৯৬ সালের আজকের এই দিনে (১২ নভেম্বর) সেই জঘন্যতম ইনডেমনিটি আইন জাতীয় সংসদে বাতিল হয়।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন। বিএনপি সেদিন বিরোধী দলে ছিল, তারা চায়নি এ আইনটি কার্যকর হোক। সে জন্য তারা সেদিন পার্লামেন্ট বর্জন করেছিল এবং সারাদেশে হরতাল ডেকেছিল। কেন তারা উপস্থিত হয়নি এর কি কোনো ব্যাখ্যা আছে তাদের কাছে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ