এক সপ্তাহের সফরে আগামী ১৩ নভেম্বর ব্রিটেন যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক হিসেবে এটিই তার প্রথম ব্রিটেন সফর। সফরকালে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
এ সফরে তার সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়টি নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।
তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
এহতেশাম হক আরও জানান, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।
তিনি বলেন, সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।
ব্রিটেনের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে আরও ঘনিষ্ঠভাবে জানা এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ অগ্রাধিকার দেবেন নাহিদ ইসলাম। এ উদ্দেশ্যে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।











