spot_img
spot_img

ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি খেলাফত মজলিসের আহ্বান

পতিত ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা মোকাবিলায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। তাঁরা বলেছেন, পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তারা। তবে দেশপ্রেমিক জনতা সজাগ রয়েছে। যত অপচেষ্টাই চালানো হোক, বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম হবে না।

বুধবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কয়েকটি গাড়ি ও এনসিপির নারী সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। পাশাপাশি পাহাড়ি, সংখ্যালঘু সম্প্রদায় ও গার্মেন্টস শ্রমিকদের ক্ষুদ্র একটি অংশকে বিভ্রান্ত করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।

তাঁরা বলেন, পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদীদের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

নেতারা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখারও আহ্বান জানান।

নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, আইনবিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন ও মাওলানা নুরুল হক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ