spot_img
spot_img

আমরা চাইলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে পারতাম: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাইলে আল জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে। এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনও ৬-৭টি দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, এজন্য আমরা সেই উদ্যোগ (বন্ধের সিদ্ধান্ত) নেইনি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাইকোর্ট যদি কোনো আদেশ দেন এটি বন্ধ করার জন্য, সেক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমাদেরকে মানতে হবে। সেক্ষেত্রে আল জাজিরার সম্প্রচার বন্ধ করা হবে।

তিনি বলেন, স্বাধীনতার যেমন দরকার, দায়িত্বশীলতারও প্রয়োজন রয়েছে। কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে ভুল, মিথ্যা, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অপরের স্বাধীনতা হরণ করে এমন সংবাদ পরিবেশন করা হবে। এটা কোনোভাবেই সমীচীন নয়। আল জাজিরার রিপোর্ট একটি মিথ্যা বানোয়াট। কিছু কাট-পেস্ট করে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এটি ব্যক্তিগত আক্রোশের বশঃবর্তী হয়ে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা করোনা টিকা নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন। তারা প্রথমে বলেছে- সরকার টিকা সময়মতো আনতে পারবে না। যখন সময়মতো টিকা চলে এলো, তখন বললেন- এটি নিলে কোনো কাজ হবে না। এই টিকা দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছেন। এ ধরণের কথাও বলেছেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ