spot_img

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ২ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে শনিবার পুলিশের গুলিতে আরও দুজন নিহত হয়েছেন।

বিক্ষোভ ও অসহযোগ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর ধরপাকড় বাড়লেও আন্দোলনকারীরা থেমে নেই। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের থারকেটা জেলায় পুলিশের গুলিতে রাতে দুজন নিহত হন।

আটকদের ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশ স্টেশনের বাইরে লোকজন জড়ো হলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এদিকে মিয়ানমারের ২০০ পুলিশ সদস্য ও তাদের পরিবার বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন।

বিক্ষোভে ধরপাকড়ের এখন পর্যন্ত ৭০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের বহু কর্মকর্তা এই ধরপাকড়ে অংশ নিতে অস্বীকার জানিয়েছেন। তারা সীমান্ত পাড়ি দিয়ে উত্তরপূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য মিজোরামে প্রবেশ করেন।

শুক্রবার পর্যন্ত ২৬৪ জন মিয়ানমারের নাগরিক পালিয়ে ভারতে চলে গেছেন। তাদের মধ্যে ১৯৪ জন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সামরিক জান্তা। প্রতিবাদে দুদিন পর থেকে নাগরিক অসহযোগ আন্দোলন শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

উৎস, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ