রানিং স্টাফদের ভাতা বাতিলের ঘোষণা সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করে এ ঘোষণা দেন তিনি।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা রেলের রানিং স্টাফদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি আদায়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। কিন্তু গত ১০ এপ্রিল বেসমারিক কর্মচারীদের পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে কোনো ভাতা যোগ করার সুযোগ নেই বিধায় রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে ‘রানিং ভাতা’ পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদানের প্রস্তাবে নির্দেশক্রমে পুনরায় অর্থ বিভাগের অসম্মতি জানিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এমন ঘোষণায় রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন। এতে রেলে অচলাবস্থা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। তারা এই অফিসিয়াল আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে ফের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।
তিনি বলেন, আগামী ১৯ এপ্রিল রেলের এ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের শিডিউল রয়েছে। আশা করি তিনি রেলের সমস্যাগুলো সমাধানে সহযোগিতা করবেন। তাই এখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চালকদের প্রতি আহ্বান জানান।










