spot_img
spot_img

ত্রিপুরায় বঙ্গবন্ধুর নামে সড়ক চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের ত্রিপুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। একইসঙ্গে প্রতিমন্ত্রী আগরতলায় একটি ‘শহীদ মিনার’ নির্মাণে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চান।

গতকাল বুধবার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে হওয়া বৈঠকে এ অনুরোধ করেন তিনি।

সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য শাহরিয়ার আলম মানিক সাহাকে অভিনন্দন জানান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনগণের জন্য তাদের ঘর এবং হৃদয় উন্মুক্ত করার জন্য ত্রিপুরার জনগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তারা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ ও উত্তরপূর্ব ভারতের মধ্যে, বিশেষ করে ত্রিপুরা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে সম্মত হন।

মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে চলমান সংযোগ উদ্যোগের বাস্তবায়ন ত্বরান্বিত করার অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রতি উত্তরে মুখ্যমন্ত্রী বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

বৈঠকে সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ