spot_img
spot_img

হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় হজ করা যাবে না

পবিত্র হজ পালনের ক্ষেত্রে একমাত্র হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না।

সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজের জন্য সব ধরনের অফিশিয়াল রিজার্ভেশন বা বুকিং শুধু অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ