সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পাটওয়ারী বলেন, সীমান্ত হত্যা নিয়ে সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে আমরা সীমান্তের দিকে লংমার্চ করবো। দেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। সীমান্ত রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, সরকার ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। যদি সরকার সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকে, তাহলে সীমান্ত রক্ষা আপনাদের প্রধান কর্তব্য।
এর আগে, শুক্রবার (৮ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাথারিয়াদ্বার সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র মোরসালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০) এর কবর জিয়ারত করেন তিনি।











