গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না বলে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, আগে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এখন আবার জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছেন।
বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আগে জামায়াতে ইসলামীকে ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করা দল, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসায়ী এবং মুখে এক, অন্তরে আরেক দল বলে মন্তব্য করেছিলেন। তিনি আরও বলেছিলেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি।
রাশেদ খান বলেন, একটি দল সম্পর্কে এত কিছু বলার পর আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব।
তিনি এনসিপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে এবং এর প্রতিক্রিয়ায় যে আবোলতাবোল কথা বলছে, তাতে না জানি আবার জামায়াতে যোগ দিয়ে এনসিপিকে নিয়েই কী বলা শুরু করে। হয়তো বলবে, এনসিপি জাতির সঙ্গে গাদ্দারি করা শুরু করেছে।
রাশেদ খান আরও বলেন, জামায়াতে ইসলামীও পারে বটে। তাদের রাজনীতি নিয়ে একের পর এক প্রশ্ন তোলা নাসীরুদ্দীন পাটওয়ারীই আজকাল তাদের আইডল। কারণ, তিনি এখন রূপ বদলে জামায়াতপন্থি হয়েছেন। পডকাস্টে বলেও বেড়াচ্ছেন, তিনি নাকি শিবিরের সাথী ছিলেন। অথচ ক্যাম্পাসে তাকে বাম রাজনীতি করতে দেখেছি। একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে?











