মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা যাওয়া মুজিবুর রহমান মুজিবের (২৬) লাশ একদিন পর ফেরত দিয়েছে ভারত।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে তার লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় নিহতের স্বজন, পুলিশ প্রশাসন, বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেল ৫টার পর কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে বিএসএফের গুলিতে মুজিব মারা যান। তিনি দত্তগ্রামের আজিজুর রহমানের ছেলে।
গুলির ঘটনার পর বিএসএফ ও ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ভারতের উনকোটি হাসপাতালের মর্গে নিয়ে যায়।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদও বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিবের মা, বোন ও অন্য স্বজনেরা জানান, মনু নদীতে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।











