কক্সবাজারের রামু ও সদর উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৩ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রাকিবুল ইসলাম রাকিব রামু ও সদর উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন, পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় সদর ও রামু উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত প্রায় দেড় হাজার পরিবারের হাতে শুকনো খাবার ও জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, শুকনো খাবার, খাওয়ার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।










