spot_img

আওয়ামী লীগকে পুনর্বাসনের বক্তব্য শহীদদের রক্তের সাথে মশকরা করার শামিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, হাজারো ছাত্র-জনতার লাশের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ বসিয়েছে। আজও হাসপাতালগুলোতে আহতদের করুণ চিৎকার শোনা যাচ্ছে। শত শত ছাত্র-জনতা পঙ্গুত্ববরণ করেছে। যাদের কারণে এ নির্মম, নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী কাজ হয়েছে তাদের বিচারের মুখোমুখি করার ঘোষণা না দিয়ে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের বক্তব্য শহীদদের রক্তের সাথে মশকরা করার শামিল।

মঙ্গলবার (১৩ আগস্ট) নিউমার্কেট থানা দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, একটি কুচক্রী মহল পলাতক হাসিনাসহ খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার উদ্যোগগ্রহণের পরিবর্তে পুনঃগঠন করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা হাজারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় ম্লান করে দিতে চায়। স্বাধীন বাংলাদেশে যা কখনোই সম্ভব নয়। হাসিনাসহ সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজই হল, খুনি ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় এনে দেশে একটি স্বস্তির পরিবেশ তৈরি করা। স্বস্তির পরিবেশ সৃষ্টি না হলে দেশ নতুন করে সংকটের মুখোমুখি হবে- যা কারও কাম্য নয়। দেশব্যাপী লুটপাট, পাচারকারীদের অর্থ ফেরত আনা, দোষী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, জনগণের বিশ্বাস অর্জনই বর্তমান বড় চ্যালেঞ্জ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ