ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত মজলুমানের রক্তার্জিত বিজয়কে অর্থবহ করার লক্ষ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বানে মিছিল ও জমায়েত করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার রামু উপজেলা শাখা।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বাদ আছর শান্তিপূর্ণ এ মিছিল রামু বাইপাস থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু চৌমুহনী চত্বরে জমায়েতের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় মিছিলকারীরা “নারায়ে তাকবীর-আল্লাহু আকবর, শান্তি-সম্প্রীতি -বজায় রাখো, রাখতে হবে, ফ্যাসিজমের ঠিকানা -বাংলাদেশে হবে না, আমাদের বাংলায়-বৈষম্যের ঠাই নাই” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।
মিছিলোত্তর জমায়েতে নেতৃবৃন্দ অবিলম্বে কারাবন্দী জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবকে মুক্তি প্রদান এবং তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর শান্তিপূর্ণ জমায়েতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলার নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী।
নুরুল কবির হিলালী বলেন, স্বৈরতন্ত্রের অবসানে অর্জিত মজলুমানের বিজয়কে অর্থবহ করতে ধর্মবর্ণ, দলমত নির্বিশেষে জনগণের ন্যায্য অধিকার প্রাপ্তি, শান্তি ও নিরাপত্তাসহকারে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে কোন অপশক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ যত্নবান থাকতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, বিশ্ব ইতিহাসের সর্বপ্রথম লিখিত “মদীনা সনদ” সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহাসিক দলিল। ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ স. এর প্রতিটি আচরণ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল ও প্রোজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামের চিরন্তন শান্তির সুমহান এ শিক্ষা ধারণ করে আলোকিত রাষ্ট্র বিনির্মাণে আত্মনিবেদন করা সুনাগরিকদের কর্তব্য।
ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান জিহাদী শান্তি-সম্প্রীতি, মানুষের জানমাল ও দেশের সম্পদ রক্ষায় সকলকে দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহবান জানান।
জমায়েত শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদানের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।
মিছিলোত্তর জমায়েতে পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা আহমদুর রহমান, জোয়ারিয়ানালা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আজিম, রাজারকুল ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, কাউয়ারখোপ ইউনিয়ন প্রতিনিধি মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, চাকমারকুল ইউনিয়ন দফতর সম্পাদক মাওলানা হাফেজ মিজানুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ কামাল হোসাইন, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, সাবেক ছাত্রনেতা মাওলানা জসিম উদ্দিন, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আলম, গর্জনিয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইদ্রিস, কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি হাফেজ মাহদী হাসান, ইসলামী যুবসমাজ উখিয়া উপজেলা সদস্য মাওলানা ইদ্রিস, ইসলামী ছাত্রসমাজ নেতা সিরাজুল মোস্তফা, মুহাম্মদ ইমরান প্রমুখ।










