spot_img
spot_imgspot_img

গাজ্জায় ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি শহীদ, আহত ১৩

ফিলিস্তিনের গাজ্জা শহরে একটি বেসামরিক গাড়িতে বিমান হামলা চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনী। এতে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও আরও ১৩ জন আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) গাজ্জা শহরের তাল আল-হাওয়া এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার তীব্রতায় শহীদ দুজনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ভিডিও যাচাই করেছে আল জাজিরা। এতে দেখা যায়, লক্ষ্যবস্তু করা গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণে গাড়িটির ছাদ ও দরজাসহ বিভিন্ন অংশ ছিন্ন হয়ে গেছে।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের দুই যোদ্ধাকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

আমেরিকার মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজ্জাজুড়ে প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এসব হামলায় এক হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এদিকে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি, তেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশের তীব্র সংকটে সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে। ইসরাইল যে সীমিত পরিমাণ জ্বালানি প্রবেশের অনুমতি দিচ্ছে, তা হাসপাতালগুলোর জরুরি প্রয়োজনও পূরণ করতে পারছে না।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় দখলদার ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৬৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ