কুমিল্লার কোতোয়ালি থানার উত্তর পাড়ার নানুয়া দীঘির পাড়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
আজ বুধবার (১৩ অক্টোবর) গণ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এই প্রতিবাদ জানান।
বিরানব্বই ভাগ মুসলিম অধ্যূষিত সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এতো বড় দুঃসাহস এর উৎস কোথায় জানতে চেয়ে নেতৃদ্বয় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার এই গভীর চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক ও সচেতন থাকারও আহবান জানান তারা।
নেতৃদ্বয় সরকারের প্রতি এই ন্যাক্কারজনক ও ধৃষ্টতামূলক কর্মকান্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় এর কড়া মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।












