২০৪১ এর স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, দেশের অর্থনীতির যে জোয়ার এসেছে এটাকে ধরে রাখতে হবে। ২০৪১ এর স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, পরিবর্তনে কাজ করছে সাধারণ মানুষ।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) কর্তৃক আয়োজিত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, দেশের পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনে কাজ করছে সাধারণ মানুষ। যারা মাঠে-ঘাটে কাজ করে, বিদেশে কাজ করে এ পরিবর্তন আনছেন এই সব অগ্রদূতকে আমাদের সম্মান জানাতে হবে। আমাদের স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। সেই সব বীরদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধরে রাখতে হবে।










