জনগণের দুঃখ-দুর্দশা বুঝার জ্ঞান আওয়ামী লীগ নেতাদের নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা বুঝার জ্ঞান আওয়ামী লীগ নেতাদের নেই। জনগণের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে। ভোট ডাকাতির সরকার কৃষকের পেটে লাথি মেরেছে।
শনিবার (১৩ নভেম্বর) বাদ যোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ বলেন, কথাবার্তা পরিষ্কার, জনগণের স্বার্থবিরোধী জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। দ্রব্যমূল্যের ঊধ্বর্গতি রোধ করে জনগণের ক্রয়সীমার মধ্যে রাখতে হবে এবং যানবাহনের ভাড়াবৃদ্ধির অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।










