যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রেখেছেন গাজ্জার ফিলিস্তিনিরা। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ ১০০ হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজ্জার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজ্জা নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
আলজেরিয়ার দাতব্য সংস্থা আল-বারাকা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রণালয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজ্জার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে কোরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাঁদের এ পদযাত্রা কোরআনের প্রতি গাজ্জাবাসীর গভীর ভালোবাসা এবং ধর্মীয় শিক্ষা অব্যাহত রাখার প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার এ আয়োজন নিছক সম্মাননা অনুষ্ঠান নয়। বরং এটি ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকার প্রমাণ এ অর্জন।
হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, কোরআন মুখস্থ করাই যেন তাঁদের পথচলার শেষ না হয়, বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সন্তানদের কোরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা গাজ্জার মানুষের দৃঢ়তা ও প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, এ অর্জন মন্ত্রণালয় ও সংস্থাটির যৌথ সহযোগিতার ফল। গাজ্জায় কোরআন হিফজের কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে বক্তব্য দেন গাজ্জা উপত্যকায় প্রথম স্থান অর্জনকারী হাফেজা হিবা আল-হিমস। তিনি বলেন, কোরআনের বাহকদের সম্মাননা দেওয়া কেবল পুরস্কার বা উপাধি অর্জনের বিষয় নয়, বরং এটি সেই হৃদয়গুলোর প্রতি সম্মান, যারা আল্লাহর কিতাবকে জীবনের সঙ্গী ও পথচলার আলো হিসেবে গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, কোরআন হিফজ শেষ গন্তব্য নয়, বরং এটি নতুন অঙ্গীকার ও দায়িত্বের সূচনা। কোরআনের আয়াত বোঝা, তার বিধান অনুসরণ করা এবং এর শিক্ষায় নিজেদের চরিত্র গঠন করা জরুরি।
অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজ্জার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম, কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক মানুষ।
সূত্র: ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা আল-রায়, আল জাজিরা











