বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি আমরা।
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার চরশুলকিয়া বিমান বন্দরের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে আগেও বিমান বন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজ আবারও পরিদর্শনে এসেছি। বিমান বন্দর করার পরিকল্পনা আছে সরকারের। নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ (হাতিয়ার) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা প্রশাসক মুহাম্মাদ খোরশেদ আলম খান প্রমুখ।










