ইউক্রেন-রাশিয়া উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাজছে যুদ্ধের দামামা। ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। ধারণা করা হচ্ছে যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাশিয়া ইউক্রেনে হানা দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোও।
রোববার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তবে আমেরিকার জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, বুধবারই ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। একইসঙ্গে রাশিয়ার পরিকল্পনার কথা আগেভাগেই প্রকাশ করে দেশটির সম্ভাব্য হামলা রুখে দেওয়ার চেষ্টার কথাও জানিয়েছেন তারা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান আবারও বলেছেন যে, ইউক্রেনে যেকোনো দিন হামলা করতে পারে রাশিয়া। একইসঙ্গে হামলার শিকার হলে ইউক্রেনকে সহায়তার কথাও পুনর্ব্যাক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবারই ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে জ্যাক সুলিভান বলেন, আমরা কোনো দিনের কথা নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু আমরা বলে আসছি যে, আমরা এমন এক অবস্থায় রয়েছি, যখন যেকোনো দিন ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। এটি এমনকি অলিম্পিক শেষ হওয়ার আগে সামনের কয়েক সপ্তাহের মধ্যেও হতে পারে।











